রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আজ মঙ্গলবার সকালে দুই দিনব্যাপী ‘বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬’-এর শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের নবায়নযোগ্য জ্বালানি খাতকে উৎসাহিত করতে প্রথমবারের মতো এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
এর আগে রোববার (১ নভেম্বর) বিদ্যুৎ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এই সূচির কথা জানান। তিনি জানান, ‘ছাদের প্রতিটি ইঞ্চি কাজে লাগান, সৌরবিদ্যুৎ থেকে আয় বাড়ান’ প্রতিপাদ্যে ৩ ও ৪ নভেম্বর সাধারণ দর্শনার্থী ও উদ্যোক্তাদের জন্য প্রদর্শনীটি উন্মুক্ত থাকবে।
বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল)-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই এক্সপোতে সৌরবিদ্যুতের ব্যবহার বৃদ্ধি, জাতীয় গ্রিডে সৌর বিদ্যুতের সংযোগ এবং ছাদভিত্তিক প্যানেল স্থাপনে উদ্বুদ্ধ করতে চারটি গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, সরকারের লক্ষ্য ২০৩০ সালের মধ্যে বিদ্যুতের ঘাটতি দূর করে গ্রীষ্মকালীন জনদুর্ভোগ শূন্যের কোঠায় নামিয়ে আনা। আয়োজনে বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখ এবং বিপিডিবি চেয়ারম্যান প্রকৌশলী মো. রেজাউল করিমসহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।























