আগামী গ্রীষ্মে বিদ্যুতের সংকট ও জনভোগান্তি সহনীয় পর্যায়ে রাখতে সৌরবিদ্যুৎ থেকে ৩ থেকে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার বলে জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এ লক্ষ্য বাস্তবায়নে ছাদে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপন তথা ‘রুফটপ সোলার’ ব্যবস্থাকেই দ্রুত ও সহজ সমাধান হিসেবে দেখছে বিদ্যুৎ বিভাগ।
সোমবার (২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ভবনে ৩১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন কার্যক্রম নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘এবারের গ্রীষ্মে মানুষ যে কষ্ট পেয়েছে, আগামী গ্রীষ্মে যেন সেই ভোগান্তি না হয় বা হলেও তা যেন সহনীয় পর্যায়ে থাকে, সে লক্ষ্যেই কাজ করছে সরকার। আগামী গ্রীষ্মের মধ্যেই সৌরবিদ্যুৎ প্যানেল থেকে ৩ থেকে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে চায় বিদ্যুৎ বিভাগ। এ ক্ষেত্রে সবচেয়ে সহজ সমাধান হচ্ছে রুফটপ সোলার।’
অনুষ্ঠানে বিদ্যুৎ সচিব মিরানা মাহরুখ বলেন, সরকার চায় আগামী গ্রীষ্ম যেন মানুষের জন্য সহনীয় হয়। সেই লক্ষ্য অর্জনেই সৌরবিদ্যুৎ খাতকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে।






















