দর্শকদের মাঝে নতুন চমক নিয়ে আবারও একসঙ্গে হাজির হচ্ছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান এবং অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তবে নাটক কিংবা সিনেমায় নয়, এবার শিশু-কিশোরদের মেধা অন্বেষণের রিয়েলিটি শো ‘মার্কস অলরাউন্ডার’-এর বিচারক হিসেবে এক মঞ্চে বসছেন তাঁরা।
সোমবার অনুষ্ঠানটির স্টুডিও রাউন্ডের মূল্যায়নে অংশ নেওয়ার কথা রয়েছে এই দুই তারকার। সেখানে শিশু-কিশোরদের নানা পরিবেশনা পর্যবেক্ষণ করে তাদের পারফরম্যান্সের মূল্যায়ন করবেন তাঁরা।
গত ৩০ অক্টোবর থেকে এনটিভিতে শুরু হয়েছে ‘মার্কস অলরাউন্ডার’-এর চূড়ান্ত পর্বের প্রচার। প্রতি শুক্রবার ও সোমবার রাত সাড়ে ৯টায় সম্প্রচারিত হওয়া এ আসরে উপস্থাপনার দায়িত্বে রয়েছেন রাফসান সাবাব ও সুনেরাহ বিনতে মোস্তফা।
প্রায় এক বছর ধরে চলা এ প্রতিযোগিতায় সারা দেশের প্রায় তিন লাখ প্রতিযোগী অংশ নেয়। বিভাগীয় ও জাতীয় পর্যায়ের বিভিন্ন ধাপ পেরিয়ে নির্বাচিত প্রতিভাবানরা এখন চূড়ান্ত পর্বে লড়ছে। নাচ, গান, অভিনয়, আবৃত্তি ও চিত্রাঙ্কনসহ সাতটি বিষয়ে তিনটি বয়স ক্যাটাগরিতে নির্বাচিত হবে সেরা অলরাউন্ডাররা। বিজয়ীদের জন্য পদকসহ মোট এক কোটি টাকার শিক্ষাবৃত্তি নির্ধারণ করা হয়েছে।
সাম্প্রতিক সময়ে তাহসান উপস্থাপনায় ব্যস্ত এবং মেহজাবীন চলচ্চিত্র ও ওটিটি মাধ্যমে কাজ করছেন। দীর্ঘ বিরতির পর বিচারক হিসেবে একই মঞ্চে তাঁদের উপস্থিতি অনুষ্ঠানটিতে বাড়তি মাত্রা যোগ করবে বলে মনে করছেন দর্শকরা।
























