আনন্দ শোভাযাত্রা, চারুকলা প্রদর্শনী, আলোচনা সভা এবং কনসার্টসহ নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬’। সোমবার (২ নভেম্বর) ‘তারুণ্যে দীপ্তপ্রাণ—ঐক্যবদ্ধ জবিয়ান’ প্রতিপাদ্যকে ধারণ করে উৎসবমুখর পরিবেশে দিনটি উদ্যাপন করছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
দিবসটির নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীতের মাধ্যমে উৎসবের সূচনা হয়। সকাল ৯টা ১৫ মিনিটে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন করেন উপাচার্য। পরে সকাল পৌনে ১০টায় ক্যাম্পাস থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে রায়সাহেব বাজার ও ভিক্টোরিয়া পার্ক প্রদক্ষিণ করে ক্যাম্পাসে ফিরে আসে। এরপর শিল্পকর্ম প্রদর্শনীর উদ্বোধন এবং কেন্দ্রীয় মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাদ জোহর কেন্দ্রীয় মসজিদে আয়োজন করা হয় দোয়া মাহফিল।
দিবসের দ্বিতীয় পর্বে বিকেল ৩টা থেকে বিজ্ঞান ভবন প্রাঙ্গণে শুরু হবে সাংস্কৃতিক পরিবেশনা। এতে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক কেন্দ্র, আবৃত্তি সংসদ, উদীচী শিল্পীগোষ্ঠী ও রঙ্গভূমির পাশাপাশি অংশ নেবে বিভিন্ন ব্যান্ড দল। আয়োজনের শেষ পর্বে সন্ধ্যা সাড়ে ৬টায় মঞ্চে সংগীত পরিবেশন করবেন জনপ্রিয় রকস্টার নগরবাউল জেমস।
বিশ্ববিদ্যালয় দিবসের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ সীমিত করেছে প্রশাসন। উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন জানান, অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের জন্য উৎসর্গিত। নিরাপত্তা বজায় রাখতে প্রথম পর্ব শেষে ক্যাম্পাসের সব ফটক বন্ধ রেখে কেবল মূল ফটক দিয়ে পরিচয় যাচাইয়ের মাধ্যমে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। এছাড়া কনসার্ট উপভোগের সুবিধার্থে শহীদ মিনারের সামনে ও মূল মঞ্চের পাশে এলইডি পর্দা স্থাপন করা হয়েছে।


























