কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিভিত্তিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘গ্যাপ’-এর বিশেষ প্রদর্শনীতে অংশ নিয়ে নিজের ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির। একই সঙ্গে দেশে ভবিষ্যতে আর কোনো ধরনের বিনিয়োগ না করার চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।
শনিবার ঢাকার মহাখালীর এসকেএস টাওয়ারের স্টার সিনেপ্লেক্সে চলচ্চিত্রটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সালমান জানান, দেশের বিভিন্ন সংকট ও সংস্কারমূলক বিষয়ে নিজের অবস্থান থেকে সরকারকে পরামর্শ দেওয়ার উদ্যোগ নিয়েছিলেন তিনি। তবে দায়িত্বশীল মহল থেকে কাঙ্ক্ষিত কোনো সাড়া মেলেনি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, বিষয়টি সাধারণ মানুষের নিয়ন্ত্রণে নেই এবং নাগরিক হিসেবে কেবল পরিস্থিতির অভিজ্ঞতা নেওয়া ছাড়া উপায় থাকে না। তাই এ নিয়ে মন্তব্য করে বাস্তব কোনো পরিবর্তন আনা সম্ভব নয় বলে মনে করেন তিনি।
সম্প্রতি নিজের স্টুডিও ভাঙচুর ও নানামুখী সমালোচনার মুখোমুখি হওয়া এই কনটেন্ট ক্রিয়েটর বলেন, ব্যক্তিজীবন ও ক্যারিয়ারে অনাকাঙ্ক্ষিত ও ভিত্তিহীন অভিযোগ মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলে। এসব প্রতিকূল পরিস্থিতির কারণেই তিনি দেশে স্টুডিও পরিচালনার কার্যক্রম বন্ধ রেখেছেন এবং নতুন করে আর কোনো বিনিয়োগ করবেন না বলে সাফ জানিয়ে দেন।
























