চাঁপাইনবাবগঞ্জে অসহায় ও পিছিয়ে পড়া নারীদের স্বাবলম্বী এবং আত্মনির্ভরশীল করে তুলতে জেলা পরিষদের উদ্যোগে ৭৫ জন দুস্থ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
রোববার (১ নভেম্বর ২০২৬) বেলা সাড়ে ১১টায় জেলা পরিষদ কার্যালয় চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে সুবিধাভোগীদের হাতে এসব সেলাই মেশিন তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেলাই মেশিন বিতরণ করেন জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য জনাব মো. হারুনুর রশীদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দুস্থ ও অসচ্ছল নারীদের কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে স্বাবলম্বী করা গেলে সমাজের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে। ঘরে বসেই উপার্জনের সুযোগ নারীদের পারিবারিক আর্থিক সচ্ছলতা ফেরাতে বড় ভূমিকা রাখবে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সালেহ্ মোহাম্মদ হাসনাতের উপস্থিতিতে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলামসহ জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তারা।

























