কর্মকর্তাদের ছাত্রজীবনে রাজনৈতিক সম্পৃক্ততা থাকলেও কর্মজীবনে তার কোনো প্রতিফলন যেন না ঘটে—এমন কঠোর বার্তা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে পুলিশ বাহিনীর শৃঙ্খলা ও ভাবমূর্তি সমুন্নত রাখতে কোনো অবস্থাতেই ক্ষমতার অপব্যবহার বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি।
রোববার (১ নভেম্বর) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ৪৫তম বিসিএস (পুলিশ) ও বিসিএস (আনসার) ক্যাডারে সদ্য যোগদানকারী কর্মকর্তাদের ওরিয়েন্টেশন ও পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।
নবীন কর্মকর্তাদের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জনগণের সামগ্রিক নিরাপত্তা ও রাষ্ট্রের শৃঙ্খলা রক্ষা করাই আপনাদের প্রধানতম দায়িত্ব। সিভিল সার্ভিসের শৃঙ্খলা ও রুলস অব বিজনেস মেনে সর্বদা পেশাদারিত্বের পরিচয় দিতে হবে।’ তিনি আরও যোগ করেন, পুলিশ ও আনসার ক্যাডারকে অত্যন্ত সংঘাতময় ও চ্যালেঞ্জিং পরিস্থিতিতে কাজ করতে হয়। তাই তাৎক্ষণিক সঠিক সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি আইন প্রয়োগে বিচক্ষণতা প্রদর্শন জরুরি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইজিপি (ইনচার্জ) ও অতিরিক্ত আইজিপি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। উল্লেখ্য, ৪৫তম বিসিএসে উত্তীর্ণ হয়ে ১ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিসিএস পুলিশ ক্যাডারে ৬৫ জন এবং আনসার ক্যাডারে ১৯ জন কর্মকর্তা যোগদান করেন।






















