ক্রীড়াপ্রেমীদের জন্য আজ রোববারের দিনটি কাটবে দারুণ ব্যস্ততায়। ব্যাট-বলের লড়াই থেকে শুরু করে ফুটবল মাঠের রোমাঞ্চ—সবই উপভোগ করা যাবে টিভি পর্দায়। ক্রিকেটে আজ অনুষ্ঠিত হবে আফগানিস্তান ও জিম্বাবুয়ের মধ্যকার সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি, যা শুরু হবে রাত ৮টা ৩০ মিনিটে। এছাড়া রয়েছে নিউজিল্যান্ড ও ভারতের পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচ।
অন্যদিকে ফুটবল বিশ্বে মেগা সানডেতে ইউরোপের শীর্ষ লিগগুলোতে রয়েছে একাধিক হাইভোল্টেজ লড়াই। ইংলিশ প্রিমিয়ার লিগে রাতের সবচেয়ে আলোচিত ম্যাচে রাত ১০টা ৩০ মিনিটে মুখোমুখি হবে লিভারপুল ও আর্সেনাল। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস সিলেক্ট এইচডি ১।
স্প্যানিশ লা লিগায় রাত ৯টা ১৫ মিনিটে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ রেসিং সান্তান্দার। এরপর রাত ২টায় মাঠে নামবে অ্যাথলেটিক বিলবাও ও রিয়াল সোসিয়েদাদ। বুন্দেসলিগায় রাত ৮টা ৩০ মিনিটে ইউনিয়ন বার্লিনের মুখোমুখি হবে কোলন এবং রাত ১০টা ৩০ মিনিটে ফ্রাঙ্কফুর্ট খেলবে হামবুর্গের বিপক্ষে।
ইতালিয়ান সিরি এ-তে রাত ১টা ৪৫ মিনিটে হেভিওয়েট ম্যাচে জুভেন্টাসের মুখোমুখি হবে নাপোলি। একই সময়ে ফরাসি লিগ ওয়ানে অলিম্পিক মার্সেই লড়াই করবে তুলোর বিপক্ষে।
























