মালয়েশিয়ায় কর্মসংস্থানের উদ্দেশ্যে যেতে ইচ্ছুক কর্মীদের জন্য স্বাস্থ্য পরীক্ষার ফি জনপ্রতি ৮ হাজার টাকা নির্ধারণ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। শনিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়, নির্ধারিত ফির অতিরিক্ত কোনো টাকা আদায় করা যাবে না। কর্মীদের ৮ হাজার টাকার বেশি পরিশোধ না করার অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে স্বাস্থ্য পরীক্ষার ক্ষেত্রে যেকোনো ধরনের দালাল বা মধ্যস্বত্বভোগীর সঙ্গে যোগাযোগ না করতে সতর্ক করা হয়েছে।
মন্ত্রণালয় জানায়, কোনো মেডিকেল সেন্টার নির্দিষ্ট রিক্রুটিং এজেন্সির অধীনে কাজ করবে না। মালয়েশিয়া যাওয়ার জন্য নির্বাচিত কর্মীরা অনুমোদিত যেকোনো নিবন্ধিত মেডিকেল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা করাতে পারবেন। কোনো এজেন্সি মেডিকেল স্লিপ প্রদানের পর সংশ্লিষ্ট কর্মী অন্য এজেন্সির মাধ্যমে কাজ করার সিদ্ধান্ত নিলে, পূর্বের এজেন্সিকে বিলম্ব না করে মেডিকেল রিপোর্ট হস্তান্তর করতে হবে। এ ক্ষেত্রে আগের এজেন্সির কোনো অজুহাত বা আপত্তি গ্রহণযোগ্য হবে না।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্ধারিত ফি-র চেয়ে বেশি টাকা দাবি করলে বা কোনো ধরনের হয়রানি করা হলে ইমেইলের (secretary@probashi.gov.bd) মাধ্যমে সরাসরি মন্ত্রণালয়ে অভিযোগ জানানো যাবে। উল্লেখ্য, মাইগ্রামস স্লিপের জন্য আলাদা কোনো ফি দিতে হয় না। নিয়মিত মেডিকেল সেন্টারগুলোর কার্যক্রম পর্যবেক্ষণ করা হবে এবং অনিয়ম পাওয়া গেলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।






















