মাদকাসক্তি প্রতিরোধে খেলাধুলার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানিয়েছেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে সরকার শিক্ষাক্রমে খেলাধুলাকে গুরুত্ব দিয়ে অন্তর্ভুক্ত করেছে।
শুক্রবার চাঁদপুরের কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে কচুয়া উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত ‘ড. আ ন ম এহছানুল হক মিলন ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর ফাইনাল খেলা শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ইতিমধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে ফুটবল প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন হয়েছে। এখন খুব দ্রুত ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ শুরু করা হবে। তিনি জোর দিয়ে বলেন, ক্রীড়াচর্চা নতুন প্রজন্মকে বিপথগামিতা ও মাদকাসক্তি থেকে দূরে রাখতে কার্যকর ভূমিকা পালন করে। একই সঙ্গে ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে ক্রীড়াবিদ হিসেবে আত্মপ্রকাশের পথ তৈরি করে দেয়।
ড. আ ন ম এহছানুল হক মিলন আরও বলেন, শিক্ষার্থীদের হাতে যথাসময়ে নতুন পাঠ্যবই পৌঁছে দেওয়া হচ্ছে। ‘লার্নিং উইথ হ্যাপিনেস’, ‘আমার কারিগরি শিক্ষা’ এবং ‘বাংলাদেশের সংস্কৃতি ও খেলাধুলা’র মতো সময়োপযোগী বিষয়ভিত্তিক বই যুক্ত করা হয়েছে। এছাড়া শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা বাড়াতে আগামীতে সাঁতার প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নেওয়া হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সহ-সভাপতি নাজমুন নাহার বেবি। কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়, কচুয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল হাই চৌধুরী, কচুয়া থানার ওসি আজিজুল ইসলামসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
























