হেমন্তের মিষ্টি রোদ আর ভোরের হালকা কুয়াশা জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। ঋতু পরিবর্তনের এই আবহ ছুঁয়ে গেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ক্যাম্পাসেও। শীতের চিরায়ত অনুষঙ্গ পিঠার সুবাসে এখন মুখরিত কুবির শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল প্রাঙ্গণ। তীব্র শীত নামার আগেই হলগেটের সামনে জমে উঠেছে গরম ধোঁয়া ওঠা চিতই পিঠার আসর।
হল সংলগ্ন ছোট দোকানে চালের গুঁড়ার গোলায় তৈরি হচ্ছে গরম চিতই ও তালের পিঠা। এর সঙ্গে জিভে জল আনা সরিষা, শুঁটকি, ধনেপাতা ও বাদাম ভর্তার মেলবন্ধন শিক্ষার্থীদের টেনে আনছে সেখানে। ষাটোর্ধ্ব বিক্রেতা নূর মিয়া জানান, গত তিন বছর ধরে তিনি এখানে পিঠা বিক্রি করছেন। এবার শিক্ষার্থীদের চাহিদার কথা বিবেচনা করে একটু আগেই দোকান শুরু করেছেন। আগামীতে ভাপা, ডালের পিঠাসহ আরও নানা পদের ভর্তা যুক্ত করার পরিকল্পনা রয়েছে তাঁর।
ক্লাসের ব্যস্ততা ও পরীক্ষার চাপের ফাঁকে পিঠার দোকানে বন্ধুদের সঙ্গে জমে ওঠা নির্মল আড্ডা যেন শিক্ষার্থীদের দৈনন্দিন ক্লান্তি ভুলিয়ে দিচ্ছে। শিক্ষার্থীরা বলছেন, যান্ত্রিক জীবনে বাড়িতে গিয়ে শীতের পিঠা খাওয়ার সুযোগ সবসময় মেলে না। তাই ক্যাম্পাসের এই আয়োজন শুধু রসনাতৃপ্তিই মেটাচ্ছে না, বন্ধুদের মধ্যকার সৌহার্দ্য ও পারস্পরিক বন্ধনকেও আরও নিবিড় করে তুলছে।


























