বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নতুন ছাত্রবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্যারাসাইটোলজি বিভাগের অধ্যাপক ও বর্তমান প্রক্টর ড. মো. আবদুল আলীম। তিনি প্রক্টরের দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত হিসেবে এ দায়িত্ব পালন করবেন। এ পদে তিনি স্থলাভিষিক্ত হচ্ছেন এগ্রোফরেস্ট্রি বিভাগের অধ্যাপক ড. জি. এম. মুজিবর রহমানের।
বিশ্ববিদ্যালয়ের সংস্থাপন শাখা-১ থেকে জারি করা এক অফিস আদেশে জানানো হয়, অধ্যাপক ড. মো. আবদুল আলীমকে প্রচলিত বিধিবিধান অনুযায়ী বর্তমান প্রক্টর পদের অতিরিক্ত হিসেবে ছাত্রবিষয়ক উপদেষ্টার দায়িত্ব প্রদান করা হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি এই দ্বৈত দায়িত্ব পালন করবেন।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, দায়িত্ব পালনকালে তিনি প্রক্টর হিসেবে মাসিক ৭ হাজার ৫০০ টাকা এবং ছাত্রবিষয়ক উপদেষ্টা হিসেবে অর্ধহারে মাসিক ৩ হাজার ৫০০ টাকা হারে দায়িত্বভাতা পাবেন।
একই অফিস আদেশে বিদায়ী ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. জি. এম. মুজিবর রহমানকে দায়িত্ব হস্তান্তর এবং নবনিযুক্ত উপদেষ্টা অধ্যাপক ড. মো. আবদুল আলীমকে অবিলম্বে দায়িত্বভার গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।


























