আন্তর্জাতিক শিক্ষার সুযোগ বাড়াতে অস্ট্রেলিয়ার বিখ্যাত ইউনিভার্সিটি অব উলংগংয়ের (ইউওডব্লিউ) সঙ্গে যৌথ শিক্ষাপথ চালুর জন্য সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)। এই চুক্তির ফলে শিক্ষার্থীরা ২+২ এবং ৩+১ ক্রেডিট ট্রান্সফার সুবিধায় অস্ট্রেলিয়ায় পড়াশোনার সুযোগ পাবেন।
অস্ট্রেলিয়ার উলংগংয়ে বিশ্ববিদ্যালয়টির মূল ক্যাম্পাসে আয়োজিত এক বৈঠকে এই দ্বিপক্ষীয় সমঝোতা চূড়ান্ত হয়। ডিআইইউর পক্ষে প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এবং ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান ড. মো. সবুর খান।
সমঝোতার শর্তানুযায়ী, ডিআইইউর বিজনেস, এনট্রাপ্রেনিউরশিপ, ইংরেজি এবং জার্নালিজম অ্যান্ড মিডিয়া কমিউনিকেশন বিভাগের শিক্ষার্থীরা নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে উলংগং বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারবেন। ২+২ শিক্ষাপথে দুই বছর বাংলাদেশে এবং শেষ দুই বছর অস্ট্রেলিয়ায় পড়ার সুযোগ থাকবে। একইভাবে ৩+১ শিক্ষাপথে তিন বছর দেশে এবং শেষ এক বছর অস্ট্রেলিয়ায় অধ্যয়ন করা যাবে।
বৈঠকে উলংগং বিশ্ববিদ্যালয়ের পক্ষে গ্লোবাল এনগেজমেন্টের অন্তর্বর্তীকালীন প্রো ভাইস-চ্যান্সেলর অধ্যাপক জিয়াংতাও শি, ফ্যাকাল্টি অব আর্টস, সোসাইটি অ্যান্ড বিজনেসের ডেপুটি ডিন অধ্যাপক ভেঙ্কাটা ইয়ানামান্দ্রাম এবং ইঞ্জিনিয়ারিং বিভাগের ডেপুটি ডিন অধ্যাপক ফিলিপ ওগুনবোনাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উভয় প্রতিষ্ঠান আশা প্রকাশ করেছে যে, এই উদ্যোগের ফলে বাংলাদেশের শিক্ষার্থীরা বিশ্বমানের শিক্ষা পরিবেশ এবং আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন। ভবিষ্যতে শিক্ষক-শিক্ষার্থী বিনিময় এবং যৌথ গবেষণার ক্ষেত্রও প্রসারণ করা হবে। উল্লেখ্য, ২০২৬ সালে প্রকাশিত কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে বিশ্বজুড়ে ১৯৫তম অবস্থানে রয়েছে উলংগং বিশ্ববিদ্যালয়।


























