রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্ব পালনকালে সরকারি কাজে বাধা প্রদান ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের লাঞ্ছিত করার অভিযোগে দায়েরকৃত মামলায় জামায়াত নেতা ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন আবেদন পুনরায় নামঞ্জুর করেছেন আদালত।
সোমবার (২৬ অক্টোবর) ঢাকা মহানগর বিশেষ জজ আদালত-৫-এর বিচারক সালেকিন হাবিব বাপ্পি উভয় পক্ষের শুনানি শেষে এ আদেশ প্রদান করেন। আদালতে আসামিপক্ষে শুনানি পরিচালনা করেন আইনজীবী শিশির মনির। এর আগে গত ৪ অক্টোবর এক দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হলে জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছিল।
মামলার বিবরণ থেকে জানা যায়, গত ২ অক্টোবর বিমানবন্দরে লাগেজ ও ট্রলি কেন্দ্রিক ঘটনাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে ব্যাঘাত ঘটানো এবং দায়িত্বরত এক নিরাপত্তা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে আখতারুজ্জামানের বিরুদ্ধে। এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা করেন সংশ্লিষ্ট নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব। পরবর্তীতে গ্রেফতারের পর তদন্ত কর্মকর্তার আবেদনের ভিত্তিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।

























