ঠাকুরগাঁও-১ আসনের শূন্য পদে উপনির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করতে ২১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। নির্বাচনী এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ড্রোন, কে-৯ ডগ ইউনিট ও বডি-ওর্ন ক্যামেরা ব্যবহারের পাশাপাশি গোয়েন্দা নজরদারি এবং টহল জোরদার করা হয়েছে।
এ বিষয়ে ঠাকুরগাঁও বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মো. সুরুজ মিয়া জানান, ২৫ অক্টোবর থেকেই দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে। ঠাকুরগাঁও সেক্টরের অধীন ৫০ বিজিবির আওতায় তিনটি উপজেলার ২২টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ২১ প্লাটুন সদস্য স্ট্রাইকিং ও মোবাইল ফোর্স হিসেবে নিয়োজিত রয়েছেন।
তিনি আরও উল্লেখ করেন, ভোটারদের নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করা এবং সব প্রার্থীর প্রচারণায় সমান সুযোগ বজায় রাখাই তাঁদের মূল লক্ষ্য। এছাড়া সীমান্ত দিয়ে অবৈধ পারাপার, চোরাচালান ও যেকোনো সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।























