নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে আটজন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে মিছিলের ব্যানার ও লাঠিসোটা জব্দ করা হয়। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান।
এর আগে গত শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার একলাশপুর বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মো. রাসেল (২৫), রাকিব (১৯), আব্দুল আলিম (১৯), মো. কামরুল ইসলাম (১৯), মো. জিহান (১৮), নিশান (১৮), মো. সিয়াম (১৮) ও জিসান (১৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা একলাশপুর ইউনিয়নের একটি সড়ক থেকে ঝটিকা মিছিল বের করে মহাসড়কে উঠে বিভিন্ন স্লোগান দিতে থাকে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ সেখান থেকে আটজনকে গ্রেপ্তার করে এবং তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়। পরে রোববার নিষিদ্ধ ছাত্রলীগের পলাতক নেতাকর্মীরা ওই মিছিলের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেয়। ওসি মো. শামসুজ্জামান জানান, বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

























