পরিত্যক্ত প্লাস্টিক সংগ্রহের ক্ষেত্রে সাধারণ মানুষের ক্রমবর্ধমান আগ্রহকে কাজে লাগিয়ে বাংলাদেশে প্লাস্টিক পুনর্ব্যবহার বা রিসাইক্লিংয়ের এক বিশাল শিল্প গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তবে এই প্রক্রিয়ায় পরিবেশ ও জনস্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিত করা অত্যন্ত জরুরি বলে তিনি জোর দেন।
সোমবার (২৬ অক্টোবর) চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ইপসা ওয়েস্ট ম্যানেজমেন্ট এন্টারপ্রাইজের সঙ্গে আয়োজিত এক সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। চট্টগ্রাম চিড়িয়াখানায় শিক্ষার্থীদের জমাদানকৃত ব্যবহৃত প্লাস্টিক পরিবেশবান্ধব উপায়ে সংগৃহীত ও পুনর্ব্যবহার নিশ্চিত করতেই এই চুক্তি স্বাক্ষরিত হয়।
জেলা প্রশাসক জানান, শিশু-কিশোরদের প্লাস্টিক দূষণ সম্পর্কে সচেতন করতে চালু হওয়া এই বিশেষ উদ্যোগে ব্যাপক সাড়া পাওয়া গেছে। ১৮ বছরের কম বয়সী শিক্ষার্থীরা ১০০ গ্রাম প্লাস্টিক জমা দিয়ে বিনামূল্যে চিড়িয়াখানায় প্রবেশের সুযোগ পাচ্ছে এবং এ পর্যন্ত চার শতাধিক শিক্ষার্থী এই সুবিধা নিয়েছে। ইপসা ওয়েস্ট ম্যানেজমেন্ট আগামী এক বছর কোনো আর্থিক লেনদেন ছাড়াই চিড়িয়াখানায় জমা হওয়া এসব প্লাস্টিক পরিবেশবান্ধব উপায়ে রিসাইকেল করবে।
























