পারস্য উপসাগর ও আশপাশের জলসীমায় গত কয়েক দশকে সৃষ্ট পরিবেশগত দূষণের জন্য ক্ষতিপূরণ দাবি করেছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সামাজিকমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ দাবি জানিয়েছেন।
তিনি লেখেন, ‘হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল থেকে যেসব পক্ষ লাভবান হয়, পারস্য উপসাগর ও ওমান সাগরের পরিবেশগত ক্ষয়ক্ষতি পূরণে তাদের আইনি ও নৈতিক—উভয় ধরনের দায় রয়েছে।’ বুধবার হরমুজ প্রণালির কাছে ইরানের কেশম দ্বীপের একটি সৈকতে ঘন কালো তেলের স্তর ভেসে আসে, যা দূষণের দৃশ্যমান একটি উদাহরণ বলে তিনি উল্লেখ করেন।
বাঘাই আরও বলেন, গত কয়েক দশকে পারস্য উপসাগর ও ওমান সাগরের পানি এবং এ অঞ্চলের সামুদ্রিক প্রতিবেশ ব্যাপক ও দীর্ঘস্থায়ী দূষণের শিকার হয়েছে। এর ফলে ইরানের উপকূলীয় এলাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ট্রিলিয়ন ডলারে। তিনি প্রশ্ন তোলেন, ‘এই ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ দেবে কে? এ অঞ্চলের সস্তা জ্বালানি ব্যবহারকারী দেশগুলো, জাহাজ চলাচলের বীমা কোম্পানিগুলো, নাকি সেই আগ্রাসী দেশ ও তাদের মিত্ররা—যারা পারস্য উপসাগর ও ওমান সাগরকে সামরিক অভিযান এবং ব্যাপক ধ্বংসাত্মক অস্ত্রের পরীক্ষার ক্ষেত্রে পরিণত করেছে?’
এদিকে, ওমানের পরিবেশ কর্তৃপক্ষ জানিয়েছে, রাশিয়ার অপরিশোধিত তেল বহনকারী একটি নিষেধাজ্ঞাপ্রাপ্ত ট্যাংকার থেকে ছড়িয়ে পড়া তেল দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের রাস মাদরাকাহ এলাকার কয়েকটি সৈকতে পৌঁছে গেছে।
রিপোর্টারের নাম 





















