ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) দেশব্যাপী পরিচালিত এক জরিপে দেখা গেছে যে বাংলাদেশের অধিকাংশ মানুষ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং অন্তর্বর্তী সরকারের প্রতি ব্যাপক আস্থা প্রকাশ করেছেন।
জরিপে অংশগ্রহণকারীদের ৬৯ শতাংশ বলেছেন, ড. ইউনূস ভালো কাজ করছেন। আর ৭০ শতাংশ জানিয়েছেন, তাঁরা অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডে সন্তুষ্ট।
আইআরআই এশিয়া-প্যাসিফিক অঞ্চলের সিনিয়র পরিচালক জোহান্না কাও এই ফল নিয়ে মন্তব্য করেন, “স্পষ্টভাবে বোঝা যাচ্ছে ড. ইউনূসের নেতৃত্বে মানুষ অগ্রগতির সম্ভাবনা দেখছেন। তাঁর এবং অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের এই আস্থা স্থিতিশীলতা, জবাবদিহিতা ও সংস্কারের ব্যাপক প্রত্যাশা তুলে ধরে।”
আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে ভোটারদের আগ্রহও জরিপে উঠে এসেছে। ৬৬ শতাংশ ভোটার ভোট দিতে ‘খুবই আগ্রহী’ এবং ২৩ শতাংশ ভোটার ‘কিছুটা আগ্রহী’ বলে জানিয়েছেন। এছাড়াও জরিপে অংশ নেওয়া ৮০ শতাংশ লোক বিশ্বাস করেন যে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে।
জোহান্না কাও আরও বলেন, “বাংলাদেশিদের এই উৎসাহ-উদ্দীপনা প্রমাণ করে সংস্কার প্রক্রিয়া ধরে রাখা এবং নির্বাচনকে বিশ্বাসযোগ্য ও শান্তিপূর্ণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।” আইআরআই নিয়মিতভাবে বাংলাদেশে জনমত জরিপ পরিচালনা করে এবং আসন্ন নির্বাচন ঘিরে প্রতিষ্ঠানটি দায়িত্বশীল ও ইস্যুভিত্তিক রাজনৈতিক সম্পৃক্ততা বাড়ানোর কাজ করছে।
রিপোর্টারের নাম 
























