কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা এবং তাদের সকল প্রকাশনা নিষিদ্ধ করার দাবিতে আগামী ১৫ আগস্ট (শনিবার) জাতীয় উলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এই সম্মেলন সফল করার লক্ষ্যে সম্প্রতি ঢাকা মহানগর যাত্রাবাড়ী জোনের পক্ষ থেকে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
জামিয়া ইসলামিয়া দারুল উলুম যাত্রাবাড়ী মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত এই বৈঠকে সংগঠনের সহকারী মহাসচিব মুফতী আব্দুল্লাহ ইয়াহইয়া সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী। তিনি বলেন, বিগত শেখ হাসিনার সরকারের আমলে পঞ্চগড়ের এক সংসদ সদস্য কাদিয়ানীদের পক্ষ নিয়ে সেখানকার খতমে নবুওয়ত আন্দোলনকে দমন করার হুমকি দিয়েছিলেন। আজ তারা পলাতক। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আগামী ১৫ আগস্টের সম্মেলন বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি অঞ্চলে খতমে নবুওয়ত আন্দোলনকে শক্তিশালী করা হবে।
মাওলানা মুহিউদ্দীন রাব্বানী আরও জানান, এই সম্মেলনে সংগঠনের সভাপতি আল্লামা শায়েখ সাজিদুর রহমানের সভাপতিত্বে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির প্রধান অতিথি হিসেবে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রী মোফাজ্জল হোসাইন কাইকোবাদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। হলরুম বুকিং এবং দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরামকে দাওয়াত দেওয়ার কাজ সম্পন্ন হয়েছে।
সভাপতির বক্তব্যে মুফতী আব্দুল্লাহ ইয়াহইয়া বলেন, খতমে নবুওয়তের আকিদা সংরক্ষণ আমাদের ঈমানী দায়িত্ব। কাদিয়ানী চক্রান্তের বিরুদ্ধে যাত্রাবাড়ী জোন সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। তিনি আগামী ১৫ আগস্টের সম্মেলন সফল করতে সর্বস্তরের তৌহিদী জনতাকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানান। সভায় মাওলানা আবদুল কাইয়ুম কাসেমী, মাওলানা এনামুল হক মুসা, মাওলানা বাকি বিল্লাহ, মাওলানা আজিজুর রহমান, মাওলানা ওমর ফারুক যুক্তিবাদী, মাওলানা আব্দুল্লাহ ইদরীস, মুফতী মাসুম বিন আবু বকর, মাওলানা আব্দুল্লাহ আল মাসুদ খান, মুফতী সুলতান আহমাদ এবং মুফতী ফারহান নাজিম প্রমুখ বক্তব্য রাখেন।
রিপোর্টারের নাম 




















