বাংলাদেশের ইতিহাসে একটি যুগান্তকারী অধ্যায় হিসেবে বিবেচিত জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তিতে এর আকাঙ্ক্ষা পূরণের জোর দাবি জানিয়েছেন সংসদ সদস্য নুরুন্নিসা সিদ্দীকা। তিনি বলেছেন, যেকোনো মূল্যে ‘জুলাই সনদ’ বাস্তবায়নই হোক আমাদের সবার অঙ্গীকার। আজ (বুধবার) এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন।
নুরুন্নিসা সিদ্দীকা স্মরণ করেন, দুই বছর আগে সংঘটিত জুলাই গণঅভ্যুত্থানে প্রায় ১ হাজার ৫০০-এর বেশি মানুষ শহীদ হয়েছিলেন এবং হাজারো ছাত্র-জনতা আহত হন। এই আন্দোলনে অনেকে হাত-পা হারিয়েছেন কিংবা দৃষ্টিশক্তি হারিয়েছেন। তিনি উল্লেখ করেন, দেশের অগণিত ছাত্র-জনতা সাহস, ত্যাগ ও আত্মদানের মাধ্যমে ন্যায়বিচার, গণতন্ত্র, মানবিক মর্যাদা এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা নিয়ে এই আন্দোলনে অংশ নিয়েছিলেন, যা বিগত আওয়ামী লীগ সরকারের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বিবৃতিতে এমপি সিদ্দীকা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের আত্মত্যাগ জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলে উল্লেখ করেন। একই সঙ্গে তিনি আহত ও ক্ষতিগ্রস্ত সবার প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং তাদের দ্রুত সুস্থতা ও কল্যাণ কামনা করেন। তিনি জোর দিয়ে বলেন, শহীদদের আত্মত্যাগের প্রকৃত মর্যাদা রক্ষা করতে হলে ন্যায়ভিত্তিক, জবাবদিহিমূলক ও মানবিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, দেশের প্রত্যেক নাগরিকের মতপ্রকাশের স্বাধীনতা, মানবাধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করা বর্তমান সময়ের অন্যতম প্রত্যাশা। বৈষম্যহীন রাষ্ট্রব্যবস্থা গঠনে দেশের মানুষ যে গণরায় দিয়েছিল, তা বাস্তবায়নে বর্তমান বিএনপি সরকারের গতি কিছুটা হতাশাজনক বলে তিনি মন্তব্য করেন। নুরুন্নিসা সিদ্দীকা আহ্বান জানান, জাতির এই গুরুত্বপূর্ণ অধ্যায় থেকে শিক্ষা নিয়ে বিভেদ, প্রতিহিংসা ও সহিংসতার পরিবর্তে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা এবং জাতীয় ঐক্যের ভিত্তিতে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে। জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণে সব ধরনের সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে জুলাই সনদ বাস্তবায়নে সবাইকে অঙ্গীকারবদ্ধ হতে হবে।
রিপোর্টারের নাম 




















