গণভোটের রায় ও জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবিতে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা শাখা বাংলাদেশ জামায়াতে ইসলামী গণমিছিল করেছে। শনিবার সকালে এই গণমিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
সকাল ১০টায় ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড থেকে গণমিছিলটি শুরু হওয়ার আগে সেখানে একটি পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী, ফরিদগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা মুহাম্মদ ইউনুস হেলাল, পৌর জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ শাখাওয়াত হোসেন, সহকারী সেক্রেটারি মাওলানা আবু তাহের, মাওলানা সিদ্দিকুর রহমানসহ সংগঠনের নেতারা বক্তব্য দেন।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। জনগণের প্রত্যাশা অনুযায়ী দ্রুত এসব দাবি পূরণ না হলে আগামী দিনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। তারা দেশের জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে রাষ্ট্রীয় সংস্কার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। জনগণের দাবি উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত দীর্ঘমেয়াদে গ্রহণযোগ্য হবে না বলেও মন্তব্য করেন বক্তারা।
গণমিছিলের বক্তারা আরও বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলের অন্যায়-অবিচারের বিচার নিশ্চিত করতে হবে এবং গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। গণমিছিলে জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন এবং গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
রিপোর্টারের নাম 























