জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দুটি প্রধান দাবি পূরণে তাঁর দল কাজ করবে। এই দাবিগুলো হলো মোংলা-খুলনা সড়ক চার লেনে উন্নীত করা এবং মোংলা নদীর ওপর একটি ঝুলন্ত সেতু নির্মাণ। একই সঙ্গে তিনি সরকারের কর্মসংস্থান সৃষ্টি, গণমাধ্যমের বর্তমান পরিস্থিতি এবং মাদক নিয়ন্ত্রণ নীতি নিয়ে কঠোর সমালোচনা করেছেন।
মঙ্গলবার রাতে বাগেরহাটের মোংলা পৌরসভার শাপলা চত্বর সংলগ্ন নিউ মেইন রোডে এনসিপি’র ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ তাঁর বক্তব্যে জোর দিয়ে বলেন, “দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি মোংলা-খুলনা সড়ক চার লেনে উন্নীত করা এবং মোংলা নদীর ওপর একটি ঝুলন্ত সেতু নির্মাণ। জাতীয় নাগরিক পার্টি এই দাবিগুলো বাস্তবায়নে নিরলস কাজ করবে। জনগণের অধিকার প্রতিষ্ঠা ও দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়নে এনসিপি রাজপথে সক্রিয় থাকবে।”
সরকারের সমালোচনা করে তিনি আরও বলেন, “সরকার বাংলাদেশে সাধারণ মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দিলেও বাস্তবে কোনো কর্মসংস্থান তৈরি হয়নি। আজ মিডিয়া মাফিয়ারা গণমাধ্যমকে ব্যবহার করে কোটি কোটি টাকা কামাচ্ছে, অথচ প্রকৃত গণমাধ্যমকর্মীরা ন্যায্য বেতন থেকে বঞ্চিত হচ্ছেন। সাধারণ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করার পরিবর্তে মাদক সহজলভ্য করে তোলা হয়েছে। এমনকি স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির সামনের পথ দিয়েই মাদকের করিডোর পরিচালিত হচ্ছে।”
পথসভা শেষে শাপলা চত্বর থেকে নিউ মেইন রোড পর্যন্ত দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে একটি পদযাত্রা অনুষ্ঠিত হয়।
এ সময় এনসিপি’র যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু (এমপি), দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক মোল্যা রহমাতুল্লাহসহ দলের অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। বক্তারা দক্ষিণাঞ্চলের অবকাঠামোগত উন্নয়ন, কর্মসংস্থান, গণমাধ্যমের বর্তমান পরিস্থিতি এবং মাদক নিয়ন্ত্রণ নিয়ে বক্তব্য দেন এবং জনগণের দাবি আদায় ও উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়নে আন্দোলন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
রিপোর্টারের নাম 
























