নিউইয়র্ক সিটি পুলিশ বিভাগের কর্তব্যরত অবস্থায় নিহত বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের নামে একটি সড়কের নামকরণ করা হয়েছে। তার আত্মত্যাগকে সম্মান জানাতে শনিবার (স্থানীয় সময়) ব্রঙ্কসের ইস্ট ১৭২ স্ট্রিট ও বিচ অ্যাভিনিউ সংলগ্ন এলাকায় আনুষ্ঠানিকভাবে ‘ডিটেকটিভ ফার্স্ট গ্রেড দিদারুল ইসলাম ওয়ে’ নামফলক উন্মোচন করা হয়।
তিন সন্তানের জনক দিদারুল ইসলাম গত বছর ২৮ জুলাই ৩৪৫ পার্ক অ্যাভিনিউতে একটি বেসরকারি নিরাপত্তা সংস্থায় কর্মরত ছিলেন। সে সময় এক বন্দুকধারী লবিতে প্রবেশ করে নির্বিচারে গুলি চালাতে শুরু করে। ওই নৃশংস হামলায় দিদারুল ইসলাম ও আরও তিনজন নিহত হন। বন্দুকধারী নিজেও আত্মঘাতী গুলিতে মারা যায়।
এই আবেগঘন অনুষ্ঠানে নিউইয়র্ক সিটির জনপ্রতিনিধি, সিটি কাউন্সিল ও কমিউনিটি বোর্ড-৯-এর কর্মকর্তারা, পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, দিদারুল ইসলামের সহকর্মী, বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দ এবং তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
দিদারুল ইসলামের কমান্ডিং অফিসার মুহাম্মদ আশরাফ তার স্মৃতিচারণ করে বলেন, “তিনি এমন একজন পুলিশ কর্মকর্তা ছিলেন, যার মতো কর্মকর্তা প্রত্যেক কমান্ড অফিসারই আশা করেন। যিনি নতুনদের পরামর্শ দিতেন, প্রতিবেশীকে সাহায্য করার জন্য রাত পর্যন্ত থাকতেন, যাকে কোনো কিছু দুবার বলতে হতো না। দিদারের কাছে এই কাজটা শুধু একটা চাকরি ছিল না। এটা ছিল তার জীবনের ব্রত।”
এনওয়াইপিডি কমিশনার জেসিকা টিশ মন্তব্য করেন, “এই রাস্তাটি এখন এমন একজন মানুষের নামে নামকরণ করা হবে, যিনি নিউ ইয়র্ককে নিজের ঘর বানিয়েছিলেন এবং একে রক্ষা করতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করেছেন।” এই নামকরণ দিদারুল ইসলামের বীরত্ব ও সেবার প্রতি নিউইয়র্ক সিটির গভীর শ্রদ্ধার প্রতীক।
রিপোর্টারের নাম 
























