কুড়িগ্রামে যমজ তিন বোনের এক বিরল ও অনুপ্রেরণামূলক সাফল্যের গল্প ছড়িয়ে পড়েছে। এবারের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কুড়িগ্রামের তিন বোন তাকিয়া, তাহিয়া ও তাবিয়া ট্যালেন্টপুলে বৃত্তি পেয়ে মেধার স্বাক্ষর রেখেছে। তাদের এই অনন্য কৃতিত্বে পুরো এলাকায় আনন্দের বন্যা বইছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম জজকোর্টের আইনজীবী তারিকুর রহমান ও গৃহিণী শাহিনা আক্তারের এই তিন কন্যা ছোটবেলা থেকেই অত্যন্ত মনোযোগী ছিল। এর মধ্যে তাকিয়া ও তাহিয়া কুড়িগ্রাম সরকারি বালিকা বিদ্যালয় থেকে এবং তাবিয়া অর্জুনডারা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নেয়। ফলাফল প্রকাশের পর দেখা যায়, তিন বোনই ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে।
সন্তানদের এমন সাফল্যে গর্বিত বাবা-মা জানান, নিয়মিত পড়াশোনা এবং শিক্ষকদের সঠিক দিকনির্দেশনাই তাদের এই সাফল্যের মূল চাবিকাঠি। বর্তমানে তারা শহরের বিভিন্ন নামী স্কুলে ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাও যমজ তিন বোনের এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
রিপোর্টারের নাম 






















