শরীয়তপুরের নড়িয়া উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) এক উপসহকারী প্রকৌশলীকে সরকারি কার্যালয়ে ঢুকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে। অভিযুক্ত মতিউর রহমান সাগর নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বরত। এই ঘটনায় নিজের নিরাপত্তা চেয়ে নড়িয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী কর্মকর্তা তৌফিকুল ইসলাম।
জিডি সূত্রে জানা গেছে, গত ২ জুন দুপুরে মতিউর রহমান সাগর এলজিইডি কার্যালয়ে গিয়ে উপজেলা প্রকৌশলীর খোঁজ করেন। প্রকৌশলী সাইটে পরিদর্শনে আছেন শুনে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং অশালীন ভাষায় গালিগালাজ শুরু করেন। একপর্যায়ে উপসহকারী প্রকৌশলী তৌফিকুল ইসলামের শার্টের কলার ধরে তাকে চড় মারেন এবং ভবিষ্যতে মামলা বা আইনি ব্যবস্থা নিলে আবারও মারধর করার হুমকি দিয়ে চলে যান।
ঘটনার প্রায় এক মাস পর জিডি করার বিষয়ে তৌফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে নিরাপত্তার কথা ভেবে চুপ থাকলেও ভবিষ্যতে কর্মক্ষেত্রে এমন পরিস্থিতির পুনরাবৃত্তি রোধে তিনি আইনি পদক্ষেপ নিয়েছেন। নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া জানিয়েছেন, অনলাইনে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তবে অভিযুক্ত নেতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
রিপোর্টারের নাম 






















