নিজের রাজনৈতিক জনপ্রিয়তা নিয়ে প্রশ্ন তোলায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর সমালোচনা করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। ট্রাম্পের মন্তব্যকে উসকানিমূলক ও অর্থহীন আখ্যা দিয়ে মেলোনি তাকে অন্য দেশের বিষয়ে মাথা না ঘামিয়ে নিজের জনপ্রিয়তা নিয়ে ভাবার পরামর্শ দিয়েছেন। এই দুই নেতার মধ্যকার বাগযুদ্ধ এখন বৈশ্বিক রাজনীতিতে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।
সম্প্রতি ট্রাম্প দাবি করেন, ইতালিতে মেলোনির জনসমর্থন দ্রুত হ্রাস পাচ্ছে এবং তিনি ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করছেন না। এর জবাবে মেলোনি সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, ট্রাম্পের মতো বন্ধু থাকা জনপ্রিয়তার ক্ষেত্রে মোটেও সহায়ক নয়। এছাড়া ইতালির সামরিক ঘাঁটি ব্যবহার এবং আন্তর্জাতিক সম্মেলনে ছবি তোলা নিয়ে ট্রাম্পের করা বিভিন্ন মন্তব্যকে তিনি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন।
মেলোনি স্পষ্ট করেছেন যে, কোনো অবস্থাতেই ইতালির স্বার্থ ও সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করে কোনো চুক্তি লঙ্ঘন করা হবে না। এই কূটনৈতিক টানাপোড়েনের জেরে ইতালির পররাষ্ট্রমন্ত্রী তার পূর্বনির্ধারিত যুক্তরাষ্ট্র সফর বাতিল করেছেন। ফলে ওয়াশিংটন ও রোমের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কে বড় ধরনের ফাটল ধরার আশঙ্কা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 
























