বান্দরবান প্রতিনিধি
বান্দরবানের দুর্গম পার্বত্য অঞ্চল থেকে স্ট্রোকে আক্রান্ত এক বম নারীকে দ্রুত উদ্ধার করে উন্নত চিকিৎসার ব্যবস্থা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। গুরুতর অসুস্থ ওই নারীকে সেনাবাহিনীর হেলিকপ্টারে করে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়েছে।
শনিবার (২০ জুন) বাংলাদেশ সেনাবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার প্রত্যন্ত পাহাড়ি এলাকায় বসবাসরত ৭৪ বছর বয়সী রামকিল বম হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হন। তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটলে জরুরি ভিত্তিতে বিশেষায়িত চিকিৎসার প্রয়োজন দেখা দেয়। তবে দুর্গম ভৌগোলিক অবস্থান এবং সীমিত যোগাযোগ ব্যবস্থার কারণে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া সম্ভব হচ্ছিল না।
এ অবস্থায় মানবিক সহায়তার অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী উদ্ধার অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয়। বান্দরবান রিজিয়নের তত্ত্বাবধানে শনিবার বিকেলে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার দুর্গম পাহাড়ি এলাকা থেকে রামকিল বমকে উদ্ধার করে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যায়।
বর্তমানে তিনি সিএমএইচে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছে সেনাবাহিনী।
সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার পাশাপাশি পার্বত্য অঞ্চলের জনগণের জীবনমান উন্নয়ন এবং জরুরি মানবিক সহায়তা প্রদানেও তারা নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে। দুর্গম এলাকায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া, প্রাকৃতিক দুর্যোগে উদ্ধার কার্যক্রম পরিচালনা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানো সেনাবাহিনীর চলমান দায়িত্বেরই অংশ।
স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার কার্যক্রমের জন্য সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাদের মতে, দুর্গম পাহাড়ি এলাকায় এমন জরুরি পরিস্থিতিতে হেলিকপ্টার সহায়তা রোগীর জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
পার্বত্য চট্টগ্রামের অনেক এলাকায় এখনো সড়ক যোগাযোগ সীমিত থাকায় গুরুতর অসুস্থ রোগীদের চিকিৎসা কেন্দ্রে পৌঁছানো একটি বড় চ্যালেঞ্জ। এ ধরনের পরিস্থিতিতে সেনাবাহিনীর জরুরি চিকিৎসা সহায়তা ও আকাশপথে উদ্ধার কার্যক্রম স্থানীয় জনগণের জন্য গুরুত্বপূর্ণ ভরসা হিসেবে কাজ করছে।
রিপোর্টারের নাম 

























