কুষ্টিয়া সরকারি কলেজে একটি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে শিক্ষার্থীদের তীব্র বিক্ষোভের মুখে পড়েন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তাকে প্রায় আধা ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন বলে অভিযোগ উঠেছে। সকালে কুষ্টিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে এই ঘটনা ঘটে এবং পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
ঘটনার পর সংসদ সদস্য আমির হামজার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে দাবি করা হয় যে, তাকে ছাত্রদলের নেতাকর্মীরা অবরুদ্ধ করে রেখেছেন। তবে ছাত্রদলের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।
শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, গত ৪ মে রাতে কলেজের খেলার মাঠ বাদ দিয়ে আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্টের প্যান্ডেল তৈরির জন্য প্রায় ২০টি গাছ কেটে ফেলা হয়। এই গাছগুলো কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা নিজ হাতে লাগিয়েছিলেন এবং নিয়মিত পরিচর্যা করতেন।
রাতের আঁধারে গাছ কেটে ফেলার ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীরা ক্ষুব্ধ হন। তারা তাৎক্ষণিকভাবে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং জড়িতদের চিহ্নিত করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবিতে কলেজের অধ্যক্ষ বরাবর লিখিত আবেদন করেন। কলেজ কর্তৃপক্ষ ইতোমধ্যে এ ঘটনা তদন্তে এক সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেছে।
ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনে এমপির আসার খবরে গাছ কাটার প্রতিবাদে একদল শিক্ষার্থী মানববন্ধনের আয়োজন করে, যেখানে ছাত্রদল সমর্থিত শিক্ষার্থীরাও অংশ নেয়। সকালে প্রধান অতিথি হিসেবে এমপি আমির হামজা মাঠে প্রবেশ করলে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে একদল শিক্ষার্থী মঞ্চের সামনে জড়ো হয়ে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে শুরু করে। পরে তিনি উদ্বোধনের জন্য মাঠে গেলে শিক্ষার্থীরা তাকে ঘিরে ধরে স্লোগান দিতে থাকে এবং মাঠের মধ্যে বসে পড়ে।
কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোল্লা মো. রুহুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হলেও, এমপি আমির হামজা বক্তব্য দেওয়ার সময়ও শিক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত ছিল।
রিপোর্টারের নাম 























