ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঋণখেলাপির অভিযোগে চট্টগ্রাম-৪ আসনের বিএনপির প্রার্থী আসলাম চৌধুরী এবং চট্টগ্রাম-২ আসনের প্রার্থী সারোয়ার আলমগীরের প্রার্থিতা নিয়ে সৃষ্ট জটিলতার চূড়ান্ত ফয়সালা হতে যাচ্ছে আগামীকাল। আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে আসলাম চৌধুরী ও সারোয়ার আলমগীর প্রতিদ্বন্দ্বিতা করলেও আইনি জটিলতায় তাদের নির্বাচনি ফলাফলের গেজেট প্রকাশ স্থগিত রয়েছে।
হাইকোর্টের আদেশে প্রার্থিতা ফিরে পেলেও জামায়াত সমর্থিত প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগ তাদের লিভ টু আপিল মঞ্জুর করেন। অভিযোগ রয়েছে, আসলাম চৌধুরী নিয়ম অনুযায়ী নির্ধারিত পরিমাণের চেয়ে কম ঋণ পুনঃতফসিল করেছেন এবং সারোয়ার আলমগীরের ঋণ সংক্রান্ত তথ্য নিয়েও রয়েছে অসঙ্গতি। এখন আপিল বিভাগের চূড়ান্ত আদেশের ওপরই নির্ভর করছে এই দুই প্রার্থীর রাজনৈতিক ভবিষ্যৎ এবং নির্বাচনি ফলাফলের বৈধতা।
রিপোর্টারের নাম 























