নাগরিক সেবা আরও দ্রুত ও স্বচ্ছ করতে ‘ই-ফায়ার লাইসেন্স’ সেবা চালু করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। এর ফলে এখন থেকে ফায়ার লাইসেন্সের আবেদন, নবায়ন এবং লাইসেন্স সংক্রান্ত যাবতীয় কাজ অনলাইনে ঘরে বসেই সম্পন্ন করা যাবে।
রাজধানীর মিরপুরে ফায়ার সার্ভিসের ইওসি ভবনে এই নতুন ডিজিটাল সেবার উদ্বোধন করেন অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল। উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, ১ মে থেকে আর কোনো ম্যানুয়াল বা হাতে লেখা আবেদন গ্রহণ করা হবে না। সব ধরনের আবেদন ও ফি জমা দেওয়ার কাজ অনলাইনে সম্পন্ন করতে হবে।
এই উদ্যোগের ফলে সেবাপ্রার্থীদের ভোগান্তি কমবে এবং কাজের গতি বাড়বে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে এই ই-সেবা কার্যক্রমকে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। অনুষ্ঠানে অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা সশরীরে ও অনলাইনে যুক্ত ছিলেন।
রিপোর্টারের নাম 



















