এশিয়ার বৃহত্তম বার হিসেবে পরিচিত ঢাকা আইনজীবী সমিতির ২০২৬-২৭ মেয়াদের কার্যকরী কমিটি নির্বাচনের প্রথম দিনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। দুই দিনব্যাপী এই নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। বুধবার বৃষ্টির বাগড়া উপেক্ষা করেই আইনজীবীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সকাল ৯টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২০ হাজার ৭২৭ জন। এর মধ্যে প্রথম দিনে ২ হাজার ৭৫৯ জন আইনজীবী তাদের ভোট প্রদান করেছেন। ভোটারদের মধ্যে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে। অনেক ভোটার জানান, বৃষ্টির কারণে কেন্দ্রে পৌঁছাতে কিছুটা দেরি হলেও পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে তারা সন্তুষ্ট। তারা এমন প্রার্থীকে বেছে নিতে চান যারা সাধারণ আইনজীবীদের কল্যাণে নিবেদিত হয়ে কাজ করবেন।
প্রধান নির্বাচন কমিশনার আলহাজ্ব মোহাম্মদ বোরহান উদ্দিন জানান, ২৩টি পদের বিপরীতে মোট ৫৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে বিএনপি সমর্থিত নীল প্যানেল এবং জামায়াত সমর্থিত সবুজ প্যানেল পূর্ণাঙ্গ প্যানেল নিয়ে মাঠে রয়েছে। এছাড়া সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে ৮ জন স্বতন্ত্র প্রার্থী লড়ছেন। তবে বর্তমানে আওয়ামী লীগ সমর্থিত কোনো প্যানেল বা প্রার্থী এই নির্বাচনে অংশগ্রহণ করেনি।
রিপোর্টারের নাম 






















