সিনেমা দেখে দর্শকের চোখে পানি আসতেই পারে। কিন্তু সেই কান্নার জন্য যদি গুনতে হয় ১ লাখ রুপি, তাহলে ঘটনাটি নিশ্চয়ই একটু অন্যরকম! এমনই এক মজার অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন ‘পুষ্পা’ সিনেমার পরিচালক সুকুমার। দুলকার সালমান অভিনীত একটি সিনেমা দেখতে গিয়ে আবেগ ধরে রাখতে না পেরে বাজি হেরেছেন তিনি। আর সেই বাজির মূল্য দিতে হয়েছে ১ লাখ রুপি।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, সিনেমাটির নাম ‘আকাশমলো ওকা তারা’। গত ২০ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি। সিনেমাটি দেখার আগে প্রযোজক আল্লু অরবিন্দ সুকুমারকে একটি মজার চ্যালেঞ্জ দেন। শর্ত ছিল, সিনেমা দেখে চোখের পানি না ফেলতে পারলে সুকুমারকে ১ কোটি রুপি দেবেন আল্লু অরবিন্দ। আর কেঁদে ফেললে সুকুমারকে দিতে হবে ১ লাখ রুপি। কিন্তু সিনেমার আবেগঘন গল্পের কাছে শেষ পর্যন্ত হার মানেন ‘পুষ্পা’ পরিচালক। চোখের পানি আটকে রাখতে না পারায় বাজি হেরে যান তিনি।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই প্রকাশ করেছেন সুকুমার। ইনস্টাগ্রাম স্টোরিতে আল্লু অরবিন্দের ছবি এবং ১ লাখ রুপির একটি চেকের ছবি পোস্ট করেন তিনি। সঙ্গে মজার ছলে লেখেন, আল্লু অরবিন্দের এই সিনেমা দেখার পরামর্শ বেশ ব্যয়বহুল হয়ে গেল!
পবন সাদিনেনি পরিচালিত ‘আকাশমলো ওকা তারা’ সিনেমায় অভিনয় করেছেন দুলকার সালমান ও নবাগত অভিনেত্রী সাত্বিকা ভীরাভল্লি। গল্পের কেন্দ্রীয় চরিত্র কল্পনা। তাঁর স্বপ্ন মহাকাশচারী হওয়ার। কিন্তু পরিস্থিতির কারণে বিয়ে হয় একজন মধ্যবিত্ত মেকানিকের সঙ্গে। এরপর স্ত্রীর স্বপ্ন বাঁচিয়ে রাখতে স্বামীর প্রচেষ্টা নিয়েই এগিয়েছে সিনেমার গল্প। এতে আরও অভিনয় করেছেন শ্রুতি হাসান ও রুহানি শর্মা।
সিনেমার গল্প যে দর্শককে কতটা আবেগপ্রবণ করতে পারে, সুকুমারের এই বাজি হার যেন তারই মজার উদাহরণ।
























