রাজধানীর ধানমন্ডি থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন, সাবেক সচিব মো. মিজানুর রহমান এবং অভিনেতা মো. আরিফ মাহমুদ তমালকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। শুক্রবার বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হক এই আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, মামলার তদন্ত কর্মকর্তা ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মো. সেলিম রেজা আসামিদের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিলেন। আবেদনের প্রেক্ষিতে আদালত সাবেক এমপি দোলনের ৭ দিন এবং অপর দুই আসামির ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ শামসুদ্দোহা সুমন জানান, আসামিরা সরকারবিরোধী ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে অর্থায়ন এবং অস্ত্র সরবরাহের সাথে জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে।
অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। তারা দাবি করেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই মামলা করা হয়েছে এবং অভিনেতা তমাল শারীরিকভাবে অসুস্থ। তবে রাষ্ট্রপক্ষ আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তার ওপর জোর দিলে আদালত তা মঞ্জুর করেন।

























