সুনামগঞ্জের শাল্লা উপজেলায় ইয়াবা ট্যাবলেট বিক্রির সময় তিন মাদক কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলার আটগাঁও ইউনিয়নের দৌলতপুর গ্রামের আব্দুর রহিম মিয়ার ছেলে হেলাল মিয়া (৪৪), একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইদ্রিস মিয়ার ছেলে তোফাজ্জল হোসেন (৪৬) এবং উজানগাঁও গ্রামের মনু মিয়ার ছেলে খিজির মিয়া।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আটগাঁও ইউনিয়নের দৌলতপুর গ্রামের অটোস্ট্যান্ড মোড় এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় হেলাল মিয়ার দোকানের সামনে পাকা সড়কের ওপর মাদক ক্রয়-বিক্রয়ের সময় তাদের আটক করা হয়। অভিযানের সময় হেলাল মিয়ার স্ত্রী উজ্জলা বেগম পালিয়ে যান। পুলিশ জানিয়েছে, উজ্জলা বেগম এলাকার একজন চিহ্নিত মাদক কারবারি এবং তার বিরুদ্ধে শাল্লা থানায় একাধিক মাদকের মামলা রয়েছে।
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শওকত আলী জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

























