মিরপুর টেস্টের প্রথম সেশনের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের পেসারদের তোপে পড়ে অস্বস্তিতে ছিল বাংলাদেশ। তবে প্রাথমিক বিপর্যয় সামলে দারুণভাবে ঘুরে দাঁড়ায় দল। সাদমান ইসলাম ও মুমিনুল হকের প্রতিরোধে স্বস্তি ফিরলেও, সেশনের শেষদিকে মুমিনুলের বিদায়ে কিছুটা আক্ষেপ নিয়ে লাঞ্চ বিরতিতে গেছে স্বাগতিকেরা।
এর আগে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলপতি নাজমুল হোসেন শান্ত। তবে শুরুতেই উইন্ডিজ পেসার জেডন সিলস ও শামার জোসেফের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে পড়েন দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাদমান ইসলাম। প্রথম ১০ ওভারে বাংলাদেশ মাত্র ১৯ রান সংগ্রহ করতে সক্ষম হয়। এর মধ্যেই সিলসের বলে জাস্টিন গ্রিভসের হাতে ক্যাচ দিয়ে মাত্র ৭ রানে সাজঘরে ফেরেন তানজিদ তামিম।
প্রথম উইকেট হারানোর পর ক্রিজে এসে সাদমানের সঙ্গে জুটি বাঁধেন অভিজ্ঞ ব্যাটার মুমিনুল হক। শুরু থেকে সতর্ক থাকলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে স্বাচ্ছন্দ্যে ব্যাট চালাতে থাকেন দুজন। দ্বিতীয় উইকেটে তাদের ৫৯ রানের জুটিতে প্রাথমিক ধাক্কা সামলে ওঠে বাংলাদেশ। ২০ ওভার শেষে ১ উইকেটে ৬৫ রান তুলে বড় সংগ্রহের ভিত গড়ছিল স্বাগতিকেরা।
তবে সেশনের শেষভাগে স্পিনার জোমেল ওয়ারিকানের বলে বড় শট খেলতে গিয়ে উইকেটের পতন ঘটে মুমিনুলের। ওয়ারিকানের বলে ক্রিজ ছেড়ে বেরিয়ে মারতে গিয়ে মিড অফে শামার জোসেফের ক্যাচে পরিণত হন তিনি। নিজের ৮২তম টেস্ট খেলতে নামা এই অভিজ্ঞ ব্যাটার ২৮ রান করে সাজঘরে ফেরেন।
মুমিনুলের বিদায়ের পর অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে নিয়ে সেশনের বাকি সময় পার করেন সাদমান ইসলাম। দুজন মিলে গড়া অপরাজিত ২৮ রানের জুটিতে আর কোনো ক্ষতি হতে দেয়নি বাংলাদেশ। প্রথম সেশন শেষে ২৯ ওভার ব্যাট করে ২ উইকেটে ৯৬ রান তুলেছে স্বাগতিকেরা। সাদমান ৪২ রান ও শান্ত ১৫ রানে অপরাজিত রয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে একটি করে উইকেট নেন জেডন সিলস ও জোমেল ওয়ারিকান।

























