গাজীপুর মহানগরের গাছা থানাধীন বড়বাড়ি এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে কার্তিক নামের এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে।
নিহত কার্তিক ফ্যাশন মেকার ইন্টারন্যাশনাল নামের একটি পোশাক কারখানার ফিনিশিং বিভাগে কাজ করতেন।
বাংলাদেশ ইয়্যুথ রেভ্যুলেশনের গাছা এলাকার আহ্বায়ক রাকিব খান জানান, মঙ্গলবার রাতে কারখানার ডিউটি শেষে আনুমানিক সাড়ে ১১টার দিকে কুনিয়া তারগাছ এলাকা থেকে হেঁটে ভাড়া বাসায় ফিরছিলেন কার্তিক। পথে শাহরিয়ার গার্মেন্টসের পাশের গলিতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে তায়রুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাছা থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ শেখ মনির জানান, নিহতের বাম পায়ের ঊরুতে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। ছিনতাইকারীর আঘাতেই তার মৃত্যু হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।

























