রাঙামাটির বাঘাইছড়ি সীমান্ত দিয়ে ভারতে রসুন পাচারের একটি চেষ্টা নস্যাৎ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানকালে ১ হাজার ৭১৯ কেজি বাংলাদেশি রসুন এবং পাচারে ব্যবহৃত একটি ‘চাঁদের গাড়ি’ জব্দ করা হয়। এ ঘটনায় দুই পাচারকারীকে আটক করা হয়েছে। বিজিবির মতে, জব্দকৃত রসুন ও গাড়ির আনুমানিক সিজার মূল্য ১৫ লাখ ১৫ হাজার ৭০০ টাকা।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)-এর একটি বিশেষ টহল দল মাঝিপাড়া-কচুছড়ি সীমান্ত সড়কের কচুছড়ি চেকপোস্ট এলাকায় অভিযান পরিচালনা করে।
ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর সাকিব ইশরাক অপূর্বর নেতৃত্বে পরিচালিত অভিযানে একটি চাঁদের গাড়ি থামিয়ে তল্লাশি করা হয়। গাড়িটিতে তল্লাশি চালিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নেওয়া ৪৪ বস্তা বাংলাদেশি রসুন উদ্ধার করা হয়, যার মোট ওজন ১ হাজার ৭১৯ কেজি।
ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিনয় চাকমা (২৫) ও রিপন চাকমা (১৯) নামে দুই যুবককে আটক করা হয়। একই সঙ্গে রসুন পরিবহনে ব্যবহৃত চট্টগ্রাম-খ-৩৯৬৩ নম্বরের চাঁদের গাড়িটিও জব্দ করে বিজিবি।
বিজিবি জানায়, আটক ব্যক্তি এবং জব্দ করা মালামাল ও গাড়ি বাঘাইছড়ি থানায় হস্তান্তর করে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।
মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ জানান, চোরাকারবারিরা প্রতিনিয়ত রুট ও কৌশল পরিবর্তন করে চোরাচালানের চেষ্টা চালাচ্ছে। সীমান্ত এলাকায় বিজিবির কঠোর নজরদারি ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

























