বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সক্রিয় সহযোগিতা ও সুনির্দিষ্ট প্রস্তাব চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দুই দেশের বিদ্যমান চমৎকার অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক জোরদারের মাধ্যমে বাণিজ্য ও বিনিয়োগের নতুন ক্ষেত্র উন্মোচিত হবে।
বুধবার (২৮ অক্টোবর) জাপানের স্থানীয় সময় বেলা ১১টা ৪৫ মিনিটে জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের (জেটরো) প্রেসিডেন্ট কাতাওকা সুসুমুর সঙ্গে আয়োজিত বৈঠকে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন বৈঠকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
বৈঠকে বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধি, রপ্তানি পণ্যের বহুমুখীকরণ, প্রযুক্তি ও দক্ষতা উন্নয়ন এবং দ্বিপাক্ষিক বাণিজ্য সুসংহত করার কৌশল নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে জাপানি বিনিয়োগের ভূমিকার প্রশংসা করে বলেন, ‘বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে উৎপাদনশিল্প, তথ্যপ্রযুক্তি, অটোমোবাইল, নবায়নযোগ্য জ্বালানি ও কৃষি প্রক্রিয়াজাতকরণ খাতে জাপানি বিনিয়োগের ব্যাপক সম্ভাবনা তৈরি হয়েছে।’
বৈঠকে প্রস্তাবিত বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি বাস্তবায়নে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করে। সেই সঙ্গে বাংলাদেশের দক্ষতা উন্নয়ন কর্মসূচি এবং জাপানি ভাষা প্রশিক্ষণকেন্দ্র স্থাপনে জাপানের সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী। আলোচনা শেষে জেটরোর প্রেসিডেন্ট কাতাওকা সুসুমুর আমন্ত্রণে এক মধ্যাহ্নভোজে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তাকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
























