ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে রাজধানীর মগবাজারের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
চলচ্চিত্র পরিচালক বদিউল আলম খোকন পপির মায়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকায় মরিয়ম বেগমের প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এরপর স্বজনরা মরদেহ নিয়ে পপির গ্রামের বাড়ি খুলনার উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে।
তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী অভিনেত্রী সাদিকা পারভীন পপি দীর্ঘদিন ধরে লোকচক্ষুর অন্তরালে রয়েছেন। মডেলিং দিয়ে পরিচিতি পাওয়ার পর ১৯৯৭ সালে ‘আমার ঘর আমার বেহেশত’ চলচ্চিত্রের মাধ্যমে বড়পর্দায় পা রাখেন পপি। তবে মনতাজুর রহমান আকবর পরিচালিত তার প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি ‘কুলি’ ব্যবসায়িক সাফল্য অর্জন করে।

























