রাজধানীর ধানমন্ডি থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মিজানুর রহমান এবং অভিনেতা মো. আরিফ মাহমুদ তমালকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (২৩ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হকের আদালত এ আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের এসআই শরীফুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের ধানমন্ডি জোনাল টিমের ইন্সপেক্টর মো. সেলিম রেজা চার দিনের রিমান্ড শেষে আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবীরা জামিনের আবেদন করলেও আদালত তা নাকচ করে মঙ্গলবার শুনানির দিন ধার্য করেছেন।
উল্লেখ্য, গত ২২ মে ধানমন্ডির রাপা প্লাজার সামনে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের সরকারবিরোধী মিছিলের প্রস্তুতিকালে পুলিশের অভিযানে তারা আটক হন। পরদিন এসআই তানভীর মেহেদী বাদী হয়ে ধানমন্ডি থানায় মামলাটি দায়ের করেন।


























