ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্র মরিশাসে কর্মস্থলে কনটেইনার থেকে কাচের প্যানেলভর্তি একটি ভারী বাক্স নামানোর সময় মর্মান্তিক দুর্ঘটনায় তিন বাংলাদেশি শ্রমিক প্রাণ হারিয়েছেন।
বুধবার বিকেলে দেশটির উত্তরাঞ্চলীয় প্লেইন-দে-পাপাইয়েস এলাকার মসজিদ রোডের একটি প্রতিষ্ঠানের চত্বরে এ দুর্ঘটনা ঘটে। মরিশাসের স্থানীয় সংবাদমাধ্যম ‘ল্য ডেফি মিডিয়া’ ও ‘ল্য মরিসিয়েন’ এ খবরের সত্যতা নিশ্চিত করেছে।
নিহত তিন বাংলাদেশি হলেন— মোহাম্মদ মিরাজ হোসেন (৩৬), হোসেন মো. বেলাল (৩৭) এবং সিকদার জুবায়েদ ইসলাম (২৫)।
খবরে বলা হয়, ওই প্রতিষ্ঠানে শ্রমিকেরা কনটেইনার থেকে ৬ ফুট বাই ৮ ফুট আকারের ৪১টি কাচের পাতযুক্ত একটি ভারী বাক্স নামাচ্ছিলেন। এসময় অসাবধানতাবশত পুরো বাক্সটি উল্টে তাদের ওপর এসে পড়ে। এতে ভারী কাচের পাতের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়।
সংবাদ পেয়ে স্থানীয় পুলিশ ও মরিশাস ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস উদ্ধারকাজ চালিয়ে মরদেহগুলো উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় শ্রম মন্ত্রণালয় ও দেশটির পুলিশ নিরাপত্তার নিয়মাবলী সঠিক ছিল কি না তা জানতে তদন্ত শুরু করেছে।


























