রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য রাশিয়া থেকে আসা ইউরেনিয়ামের পঞ্চম চালানটি প্রকল্প এলাকায় পৌঁছেছে। প্রথমবারের মতো বিকল্প পথে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতু হয়ে বিশেষায়িত লরিতে করে এই জ্বালানি রূপপুরে নেওয়া হয়।
শুক্রবার সকালে বাংলাদেশ সেনাবাহিনীর কঠোর নিরাপত্তায় চালানটি প্রকল্প এলাকায় প্রবেশ করে। রাশিয়ার রাষ্ট্রীয় সংস্থা রোসাটমের পরিকল্পনা অনুযায়ী, দ্বিতীয় ইউনিটের প্রাথমিক জ্বালানি হিসেবে মোট ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি এবং প্রথম ইউনিটের জন্য ৪৮টি অ্যাসেম্বলি সরবরাহ করা হচ্ছে।
প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, মোট নয়টি চালানে এই জ্বালানি বাংলাদেশে আসবে, যার বাকিগুলো ডিসেম্বরের মধ্যে পৌঁছানোর কথা রয়েছে। উল্লেখ্য, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে ইতিমধ্যে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদনের কার্যক্রম শুরু হয়েছে।


























