রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার আগে প্রত্যেক মুসলমানকে নিজ নিজ ব্যক্তিগত জীবনে ইসলামের বিধান প্রতিষ্ঠা করতে হবে বলে মন্তব্য করেছেন নায়েবে আমীরুল মুজাহিদীন, আলহাজ হযরত মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই)।
শুক্রবার (২৭ নভেম্বর) বরিশালের চরমোনাই ময়দানে অনুষ্ঠিত দেশের বৃহৎ জুমার জামাতে বয়ানকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ইসলাম শুধু ব্যক্তিগত ইবাদতের মধ্যে সীমাবদ্ধ নয়। ব্যক্তি, পরিবার, সমাজ থেকে শুরু করে রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে ইসলামের বিধান অনুসরণ ও বাস্তবায়ন করতে হবে। ইসলামের ফরজ বিধানগুলো যথাযথভাবে পালনের মাধ্যমে প্রত্যেককে নিজের জীবন গড়ে তুলতে হবে। বিশেষ করে পর্দা ইসলামের একটি গুরুত্বপূর্ণ ফরজ বিধান। ব্যক্তি ও সামাজিক জীবনের পাশাপাশি রাষ্ট্রীয় জীবনেও এ বিধান লঙ্ঘনের কোনো সুযোগ নেই। প্রত্যেক মুসলমানকে নিজ নিজ অবস্থান থেকে ইসলামের বিধান মেনে চলতে হবে। ব্যক্তি জীবনে দ্বীনের প্রতিষ্ঠা হলে সমাজ ও রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার পথ আরও সুগম হবে।
জুমার নামাজের আগে অনুষ্ঠিত বয়ানে শায়খে চরমোনাই মুসল্লিদের উদ্দেশে ইসলামের মৌলিক বিধিবিধান, ব্যক্তিগত আমল, পারিবারিক অনুশাসন ও সামাজিক জীবনে ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, ইসলামের শিক্ষা ও আদর্শকে জীবনের প্রতিটি ক্ষেত্রে ধারণ করতে হবে। শুধু মুখে ইসলাম প্রতিষ্ঠার কথা বললেই হবে না, বরং নিজের আমল-আখলাক ও দৈনন্দিন কর্মকাণ্ডে ইসলামের নির্দেশনা বাস্তবায়ন করতে হবে। ব্যক্তি জীবনে ইসলামের অনুশাসন মেনে চলার মধ্য দিয়েই পরিবার ও সমাজে ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠা সম্ভব।
এদিকে, শায়খে চরমোনাইর বয়ান শেষে চরমোনাই ময়দানে অনুষ্ঠিত জুমার নামাজে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন। লাখো মুসল্লির উপস্থিতিতে পুরো ময়দান ও আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়।
জুমার জামাতে বরিশালের বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তা, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের জাতীয় ও আঞ্চলিক পর্যায়ের নেতৃবৃন্দ, বিশিষ্ট ওলামায়ে কেরাম, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
নামাজকে কেন্দ্র করে চরমোনাই ময়দানে সকাল থেকেই মুসল্লিদের ব্যাপক সমাগম ঘটে। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সুশৃঙ্খল পরিবেশে মুসল্লিরা জুমার নামাজ আদায় করেন। দেশের বিভিন্ন জেলা থেকে আগত মুসল্লিদের অংশগ্রহণে এবারের জুমার জামাত বিশেষ জনসমাগমের সৃষ্টি করে।

























