চট্টগ্রামের ফটিকছড়ির ভূজপুর থানা এলাকায় অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী রায়হানের ব্যবহৃত পিস্তলসহ দুটি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ। অভিযানে একটি অস্ত্র তৈরির কারখানার সন্ধানের পাশাপাশি বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামও জব্দ করা হয়েছে।
এ ঘটনায় রায়হানের আশ্রয়দাতা ও তার পিস্তল জিম্মায় রাখা ব্যক্তিসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল।
তিনি জানান, উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে শীর্ষ সন্ত্রাসী রায়হানের ব্যবহৃত পিস্তলসহ দুটি আগ্নেয়াস্ত্র ও গুলি রয়েছে। পাশাপাশি অস্ত্র তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে এবং সেখান থেকে বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
অভিযানের বিষয়ে বিস্তারিত জানাতে বৃহস্পতিবার দুপুর আড়াইটায় চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে পুলিশ সুপার বিস্তারিত তথ্য তুলে ধরবেন।























