পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা, হুমকি ও হয়রানি মোকাবিলায় গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোতে কার্যকর প্রাতিষ্ঠানিক সহায়তা ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে রাজধানীতে দুই দিনব্যাপী বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গত ১৮ ও ১৯ নভেম্বর দ্য ডেইলি স্টার সেন্টারে উন্নয়ন সংস্থা ‘ব্রেকিং দ্য সাইলেন্স’ (বিটিএস) আয়োজিত এই কর্মশালায় বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ‘ফ্রিডম অব এক্সপ্রেশন ফর ডিজিটাল ডেমোক্রেসি (স্বাধীনতা)’ প্রকল্পের আওতায় এই আয়োজন করা হয়।
কর্মশালায় বক্তারা বলেন, সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকরা প্রতিনিয়ত নিরাপত্তাঝুঁকির মুখে পড়েন। এসব ক্ষেত্রে ক্ষতিগ্রস্তদের দ্রুত আইনি, চিকিৎসা ও মানসিক সহায়তা নিশ্চিত করতে গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোর নিজস্ব নীতিমালা ও সেফগার্ডিং ব্যবস্থা থাকা জরুরি।
সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ডেমোক্রেসির (সিআরডি) গবেষণার আলোকে কর্মশালায় অংশগ্রহণকারীরা প্রতিটি প্রতিষ্ঠানে একজন ‘সেফগার্ডিং ফোকাল পারসন’ নিয়োগের সুপারিশ করেন। এছাড়া সাংবাদিকদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষা এবং রেফারেল ব্যবস্থা সহজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
আয়োজকরা জানান, কর্মশালার পরবর্তী ধাপে গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হবে, যার মাধ্যমে সাংবাদিকদের সুরক্ষায় একটি সমন্বিত রেফারেল ব্যবস্থা চালু করা হবে।

























