গোপালগঞ্জে বিরাজমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে রাজশাহী-গোবরা রুটে চলাচলকারী আন্তনগর ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ ট্রেনের পথ সাময়িকভাবে সংক্ষিপ্ত করা হয়েছে। রেলওয়ের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ট্রেনটি গোবরা পর্যন্ত না গিয়ে রাজবাড়ীর কালুখালী জংশন পর্যন্ত চলাচল করবে।
পশ্চিমাঞ্চল রেলওয়ের এক বার্তায় জানানো হয়েছে, রাজশাহী-গোবরা রুটের ৭৮৩/৭৮৪ নম্বর আন্তনগর টুঙ্গিপাড়া এক্সপ্রেসের চলাচল কালুখালী-গোবরা অংশে সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। ফলে ট্রেনটি এখন রাজশাহী থেকে কালুখালী জংশন পর্যন্ত যাত্রী পরিবহন করবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রাজশাহী থেকে ছেড়ে আসা ৭৮৪ নম্বর টুঙ্গিপাড়া এক্সপ্রেসের খালি (এমটি) রেক রাতে রাজবাড়ী স্টেশনে অবস্থান করবে। পরদিন সকালে ৭৮৩ নম্বর হয়ে ট্রেনটি রাজবাড়ী থেকে কালুখালী জংশনে গিয়ে নির্ধারিত সময়ে রাজশাহীর উদ্দেশে রওনা হবে।
রাজশাহী রেলওয়ে স্টেশনের ম্যানেজার আবুল কালাম আজাদ জানান, টুঙ্গিপাড়া এক্সপ্রেস কালুখালী থেকে গোবরা পর্যন্ত ১১টি স্টেশনে যাত্রাবিরতি করত। রুট সংক্ষিপ্ত হওয়ায় এসব স্টেশনের যাত্রীদের কালুখালী জংশন থেকেই ওঠানামা করতে হবে।






















