ময়মনসিংহের ফুলবাড়িয়ায় মাছের খামারে চোর ঠেকাতে দেওয়া বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নারী ও তার ভাসুরের করুণ মৃত্যু হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলার চৌদার পূর্ব উত্তরপাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— চৌদার গ্রামের হারুন অর রশিদ ওরফে হারু (৫০) এবং মাওলানা শায়েখ সেকান্দর আলীর স্ত্রী আফরোজা (৪৫)। নিহত হারুন অর রশিদ সম্পর্কে সেকান্দর আলীর চাচাতো ভাই।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাছ চুরি ঠেকাতে মঙ্গলবার রাতে মাওলানা শায়েখ সেকান্দর আলী তার পুকুরের চারপাশে জিআই তার দিয়ে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখেন। তবে সকালে সেই সংযোগ বিচ্ছিন্ন করতে তিনি ভুলে যান। সকালে আফরোজা পুকুরপারের লাউয়ের মাচা থেকে লাউ তুলতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত তারে জড়িয়ে পড়েন। তাকে বাঁচাতে এগিয়ে গেলে হারুন অর রশিদও বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ফুলবাড়িয়া থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মো. ইউনুস জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং স্বজনদের সাথে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।





















