দেশে এলএনজি আমদানি বৃদ্ধির লক্ষ্যে ফেনী থেকে বাখরাবাদ পর্যন্ত ৯৭ কিলোমিটার দীর্ঘ নতুন পাইপলাইন নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। প্রস্তাবিত এই প্রকল্পের জন্য ৪ হাজার ৬৮১ কোটি ৮৩ লাখ টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে।
প্রকল্পের ডিপিপি চূড়ান্ত করতে লিকুইডিটি সার্টিফিকেটের জন্য অর্থ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। চিঠিতে প্রকল্প ব্যয়ের ৬০ শতাংশ সরকারি অর্থায়ন, ৩৫ শতাংশ গ্যাস উন্নয়ন তহবিল থেকে ঋণ এবং অবশিষ্ট ৫ শতাংশ বাস্তবায়নকারী প্রতিষ্ঠান গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) নিজস্ব তহবিল থেকে জোগান দেওয়ার প্রস্তাব করা হয়েছে।
পেট্রোবাংলার পরিচালক (অপারেশন ও মাইনস) প্রকৌশলী মোঃ শোয়েব জানান, ফেনী-বাখরাবাদ ৪৬ ইঞ্চি ব্যাসের এই পাইপলাইন নির্মিত হলে গ্যাসের সরবরাহ সংকট অনেকাংশে দূর হবে। বর্তমানে মহেশখালীতে দুটি এফএসআরইউ দিয়ে দৈনিক ১ হাজার ১০০ মিলিয়ন ঘনফুট গ্যাস আমদানি সম্ভব হচ্ছে। নতুন একটি এফএসআরইউ যুক্ত হলে এই সক্ষমতা ১ হাজার ৭০০ মিলিয়নে উন্নীত হবে, যা পরিবহনের জন্য বিদ্যমান পাইপলাইনের সক্ষমতা যথেষ্ট নয়।
জিটিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোঃ হারুন ভূঁইয়া জানিয়েছেন, প্রকল্পের ডিপিপির কাজ দ্রুত এগিয়ে চলছে এবং ভূমি অধিগ্রহণের রিপোর্টও পাওয়া গেছে। ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বর্তমানে দেশে দৈনিক ২৬৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে, যেখানে চাহিদা প্রায় ৪০০০ মিলিয়ন ঘনফুট।

























