দেশের বাজারে সবশেষ সোমবার স্বর্ণের দাম বৃদ্ধি করেছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ওই সময় ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা নির্ধারণ করা হয়েছিল।
স্বর্ণের এই নতুন মূল্যতালিকা সেদিন সকাল ১০টা থেকেই কার্যকর করা হয়। আজও দেশের বাজারে একই দামে স্বর্ণ কেনাবেচা করা হচ্ছে।
নতুন নির্ধারিত দাম অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়ছে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা নির্ধারণ করা আছে।
বাজুস জানিয়েছে, স্থানীয় bullion বা তেজাবি স্বর্ণের মূল্য বৃদ্ধির কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ভ্যাটসহ এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি নির্ধারিত হবে। স্বর্ণালঙ্কার ও রৌপ্যালঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট সংযুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে কোনো ভ্যাট আদায় করা যাবে না।
চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে মোট ১৩১ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৬৩ বার দাম বাড়ানো হয়েছে, ৬৭ বার কমানো হয়েছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে। অন্যদিকে, বিগত ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল, যেখানে ৬৪ বার দাম বাড়ানো এবং ২৯ বার কমানো হয়েছিল।


























